সারাবিশ্ব

আমি বললেই গাজায় আবার যুদ্ধ শুরু করবে ইসরাইল: ট্রাম্পের হুঁশিয়ারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম

আমি বললেই গাজায় আবার যুদ্ধ শুরু করবে ইসরাইল: ট্রাম্পের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে। তিনি ইঙ্গিত দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে, তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার বিষয়ে তিনি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা’ করবেন।

স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি বললেই ইসরাইলি বাহিনী রাস্তায় নামবে। হামাসের সঙ্গে যা ঘটছে, তা দ্রুতই শেষ হবে।”

ট্রাম্প আরও জানান, বর্তমান পরিস্থিতিতে হামাস চুক্তির শর্ত লঙ্ঘন করছে এবং গাজায় জিম্মিদের বিষয়ে প্রতিশ্রুতি রক্ষা করছে না। 

ইসরাইলের অভিযোগ অনুযায়ী, হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে জীবিত ও মৃত জিম্মিদের সম্পূর্ণভাবে ফিরিয়ে দিচ্ছে না।

তার ২০ দফা শান্তি পরিকল্পনার ৪র্থ দফায় উল্লেখ করা হয়েছে, “ইসরাইল এই চুক্তি প্রকাশ্যে গ্রহণ করার ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মিকে ফিরিয়ে দেওয়া হবে।” কিন্তু বুধবার সকাল পর্যন্ত ইসরাইলে ফেরত এসেছে মাত্র ২০ জন জীবিত জিম্মি এবং আটজনের মৃতদেহ। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ওই আটজনের মধ্যে একজন কোনো ইসরাইলি নাগরিক নন।

এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। হামাস আসলে কী করছে, তা আমরা খুব শিগগিরই জানতে পারব।” তিনি আরও দাবি করেন, বর্তমানে হামাস নিজেদের ঘাঁটির ভেতরে হিংস্র দলগুলোকে ‘নির্মূল করছে’।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন মন্তব্য গাজা উপত্যকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে এই বক্তব্য হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যতকেও অনিশ্চিত করে তুলতে পারে।

সূত্র: সিএনএন