সারাবিশ্ব

প্রেমিকার পারফরম্যান্স দেখতে সরকারি বিমানে গিয়ে বিতর্কে এফবিআই প্রধান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৯:১০ পিএম

প্রেমিকার পারফরম্যান্স দেখতে সরকারি বিমানে গিয়ে বিতর্কে এফবিআই প্রধান
ছবি: সংগৃহীত

মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল আবারও বিতর্কের মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে, তিনি সম্প্রতি নিজের বান্ধবীর কুস্তি প্রতিযোগিতা দেখতে সরকারি বিমানে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, মার্কিন বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) নিবন্ধিত একটি সরকারি জেট ২৫ অক্টোবর ভার্জিনিয়ার মানাসাস আঞ্চলিক বিমানবন্দর থেকে উড়ে যায় পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির কাছে স্টেট কলেজ আঞ্চলিক বিমানবন্দরে। প্রায় আড়াই ঘণ্টা পর একই বিমানটি সেখান থেকে উড়ে যায় টেনেসির ন্যাশভিল শহরে, যেখানে প্যাটেলের বান্ধবী ও গায়িকা অ্যালেক্সিস উইলকিনস বসবাস করেন। তবে বিমানের যাত্রীদের তালিকা প্রকাশ করা হয়নি।

ওইদিন ৪৫ বছর বয়সী কাশ প্যাটেল এবং তার ২৬ বছর বয়সী সঙ্গী অ্যালেক্সিস উইলকিনস ‘রিয়েল আমেরিকান ফ্রিস্টাইল’ নামের একটি কুস্তি ইভেন্টে একসঙ্গে উপস্থিত ছিলেন। উইলকিনস ওই আয়োজনে গান পরিবেশন করেন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন।

 

petal-Dhaka Prokah News-31-10-2025.jpg
ছবি: সংগৃহীত

গত কয়েক মাস ধরে প্যাটেলের বিরুদ্ধে সরকারি বিমানের ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ নিয়ে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য সমালোচনা করে আসছেন। নিয়ম অনুযায়ী, এফবিআই পরিচালককে অফিসিয়াল ও ব্যক্তিগত- দুই ধরনের সফরেই সরকারি বিমান ব্যবহার করতে হয়, কারণ তাকে সর্বক্ষণ নিরাপদ যোগাযোগ ব্যবস্থার আওতায় থাকতে হয়। তবে ব্যক্তিগত সফরের ক্ষেত্রে ওই ব্যয় তাকে ফেরত দিতে হয়, যা সাধারণত বাণিজ্যিক বিমানের টিকিটমূল্যের সমপরিমাণ।

তবে সাম্প্রতিক সময়ে প্যাটেলের ঘনঘন ন্যাশভিল সফর ও ক্রীড়া ইভেন্টে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের অভিযোগ, এসব সফরের বেশিরভাগই এফবিআইয়ের সরকারি দায়িত্বের সঙ্গে সম্পর্কিত নয়।

চলতি বছরের শুরুতে কংগ্রেসের এক শুনানিতে নিজের ভ্রমণ নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে প্যাটেল বলেন, “কংগ্রেসই বাধ্যতামূলক করেছে যে আমি সরকারি বিমানেই ভ্রমণ করব, এমনকি ব্যক্তিগত সফরেও।”

তবে পেনসিলভানিয়া সফরের সময় প্যাটেল কোনো সরকারি কার্যক্রমে অংশ নিয়েছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। বিভিন্ন সূত্র জানিয়েছে, ওই সফরে তার কোনো বৈঠক বা এফবিআই–সম্পর্কিত কাজ নির্ধারিত ছিল না। ইভেন্টটি ছিল প্রয়াত রেসলার হাল্ক হোগানের সহ–প্রতিষ্ঠিত এক বিনোদনধর্মী কুস্তি প্রতিযোগিতা।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্যাটেল একাধিকবার সরকারি সফরের সঙ্গে ব্যক্তিগত ভ্রমণ মিলিয়ে ন্যাশভিলে তার বান্ধবীর সঙ্গে দেখা করেছেন।