সারাবিশ্ব

ছাত্রকে নিয়মিত নিজের নগ্ন ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম

ছাত্রকে নিয়মিত নিজের নগ্ন ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এক শিক্ষার্থীর কাছে নিয়মিত নিজের নগ্ন ছবি পাঠানোর অভিযোগে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এক সাবেক বিকল্প শিক্ষিকা। ঘটনাটি দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ঘটেছে।

দণ্ডপ্রাপ্ত শিক্ষিকা ক্যাসি কার্টার সাউথ ডিয়ারবর্ন স্কুল করপোরেশনে বিকল্প শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ‘স্ন্যাপচ্যাট’-এ যোগাযোগ গড়ে তোলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মাঝারি মাত্রার শারীরিক আঘাত সংক্রান্ত অভিযোগে দোষ স্বীকার করার পর আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। এর আগে হেফাজতে কাটানো দুইদিন তার সাজা থেকে সমন্বয় করা হবে।

প্রথমদিকে তার বিরুদ্ধে শিশুকে যৌন উদ্দেশ্যে প্রলুব্ধ করার অভিযোগ আনা হয়েছিল। তবে ডিয়ারবর্ন কাউন্টির প্রসিকিউটর লিন ডেডেন্স জানান, ভুক্তভোগী এলাকা ছেড়ে চলে যাওয়ায় এবং মামলায় আর যুক্ত থাকতে না চাওয়ায় অভিযোগ পরিবর্তন করা হয়।

আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে ২১ বছর বয়সী কার্টারের সঙ্গে ওই শিক্ষার্থীর পরিচয় হয়। পরে তিনি নিয়মিতভাবে নিজের নগ্ন ছবি শিক্ষার্থীকে পাঠাতে থাকেন, বিশেষ করে গোসলের সময় তোলা ছবি।

নথিতে আরও বলা হয়, এসব ছবি অধিকাংশ সময় গভীর রাতে পাঠানো হতো। পাশাপাশি কার্টার শিক্ষার্থীকে জানান, তিনি তার প্রেমে পড়েছেন।

একই বছরের ডিসেম্বরে শিক্ষার্থী বিষয়টি স্কুলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানায়। পরে তা প্রধান শিক্ষককে অবহিত করা হয়।

তদন্তে শিক্ষার্থীর মোবাইল ফোন থেকে কার্টারের একাধিক নগ্ন ছবি ও তাদের মধ্যে আদান-প্রদান করা বার্তা উদ্ধার করা হয়। সূত্র: ফক্স নিউজ