সারাবিশ্ব

ইরানে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা,  ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স ও কেইন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম

ইরানে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা,  ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স ও কেইন
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও জোরদার হলে তা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউস-এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এই উদ্বেগ তুলে ধরেন বলে জানা গেছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এবং এক মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ ধরে ধারাবাহিক রাতভর বিমান হামলার পর শুক্রবার রাতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় সাময়িক বিরতি দেখা যায়। পেন্টাগন-এর একটি সূত্র জানিয়েছে, বর্তমানে সামরিক অভিযান ‘স্থগিত’ রাখা হয়েছে।

বৈঠকে জেনারেল ড্যান কেইন বিশেষভাবে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদি যুদ্ধের ঝুঁকি নিয়ে প্রেসিডেন্টকে সতর্ক করেন। তিনি জানান, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সব ধরনের সামরিক বিকল্প বাস্তবায়নে সক্ষম। তবে একই সঙ্গে সম্ভাব্য নেতিবাচক পরিণতির বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন।

এছাড়া বৈঠকে অস্ত্র মজুত ছাড়াও বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এই উদ্বেগের কারণে হামলায় বিরতি দেওয়া হয়েছে কি না, কিংবা বিরতি কতদিন চলবে—সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

এদিকে, হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিয়াং এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি গত ১৩ দিন ধরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে আলোচনার পথ বেছে নেওয়াই ইরানের জন্য সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন সামরিক কমান্ডের অধীনে সফলভাবে একাধিক অভিযান পরিচালনা করেছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সামরিক সক্ষমতা বজায় রয়েছে।

তবে এ বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।