সারাবিশ্ব

বিমানবন্দরে মুসলিম যাত্রীদের অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম

বিমানবন্দরে মুসলিম যাত্রীদের অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের অজুর সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারে নারী ও পুরুষের জন্য আলাদা অজুর স্থান তৈরি করা হবে। চলতি বছরের শেষ নাগাদ প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

টেক্সাসের লাইসেন্স ও নিয়ন্ত্রণ বিভাগের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ মার্কিন ডলার। ব্যক্তিগত অর্থায়নে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পের নথিতে বলা হয়েছে, সাধারণ শৌচাগারের বেসিনে পা ধোয়ার কারণে মেঝেতে পানি ছড়িয়ে পড়ে এবং তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। একই সঙ্গে বেসিনেরও ক্ষতি হতে পারে। এসব সমস্যা এড়াতে নিচু উচ্চতার বিশেষ অজুর স্থান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে এরই মধ্যে এ ধরনের অজুর ব্যবস্থা রয়েছে। এর মধ্যে শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর অন্যতম।

তবে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরের এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এর সমালোচনা করলেও অনেকে বলছেন, এটি কোনো মতাদর্শ প্রচারের বিষয় নয়। বরং শৌচাগার পরিষ্কার রাখা, পানি ছড়িয়ে পড়া রোধ এবং পিচ্ছিল মেঝের কারণে দুর্ঘটনার ঝুঁকি কমানোর জন্য এটি একটি বাস্তবসম্মত ব্যবস্থা।

সূত্র: ফক্স নিউজ