সারাবিশ্ব

ইরানকে সহায়তা করা দেশকে ‘ভয়াবহ শাস্তি’ দেওয়ার হুমকি ট্রাম্পের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৩৩ এএম

ইরানকে সহায়তা করা দেশকে ‘ভয়াবহ শাস্তি’ দেওয়ার হুমকি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে কোনো ধরনের সহায়তা বা ব্যবসায়িক সুবিধা দেওয়া দেশগুলোকে ‘ভয়াবহ’ অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ সতর্কবার্তা দেন। তিনি জানান, ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এটি হবে নজিরবিহীন মাত্রার অর্থনৈতিক যুদ্ধ এবং এর লক্ষ্য ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা।

ট্রাম্প বলেন, কোনো দেশের ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থা ইরানকে যেকোনো ধরনের আর্থিক বা অর্থনৈতিক সহায়তা দিলে সংশ্লিষ্ট দেশও বড় ধরনের অর্থনৈতিক পরিণতির মুখে পড়বে।

তবে কোন দেশের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি।

নিজের ঘোষিত উদ্যোগকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প ইরানকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সহযোগিতা কামনা করেন। তার ভাষ্য, এসব ঐতিহাসিক পদক্ষেপ ইরানের অর্থনীতি এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতার ওপর বড় ধরনের প্রভাব ফেলবে।

তথ্যসূত্র: দ্য ডন