সারাবিশ্ব

ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকান সমর্থকদের ট্রাম্পের হুঁশিয়ারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকান সমর্থকদের ট্রাম্পের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট না দিলে সমর্থকদের ‘নরকে যেতে হবে’ বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন ট্রাম্প। খবর আনাদোলু এজেন্সির।

ভাষণে দলীয় সমর্থকদের নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান ট্রাম্প। এ সময় উপস্থিত জনতাকে শপথ করান তিনি। শপথে সমর্থকেরা নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি বন্ধু ও স্বজনদেরও ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

ট্রাম্প বলেন, ভোট না দিলে কী হবে জানেন? আপনারা নরকে যাবেন। একই সঙ্গে নির্বাচনে রিপাবলিকানদের জয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান তিনি। এ সময় ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগও তোলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ‘সোনালি যুগে’ প্রবেশ করেছে

ভাষণে নিজের প্রশাসনের নানা সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, মাত্র ১৯ মাসে যুক্তরাষ্ট্রকে একটি ‘অন্ধকার যুগ’ থেকে ‘সোনালি যুগে’ নিয়ে গেছেন তিনি।

শেয়ারবাজারের উত্থান, ওষুধের দাম কমানো এবং সামরিক ব্যয় বৃদ্ধিকে নিজের প্রশাসনের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তার দাবি, এসব পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বিশ্বের জ্বালানি ও সামরিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে।

ট্রাম্প বলেন, ১৯ মাসে তিনি দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছেন। এ সময় অবৈধ সীমান্ত পারাপার প্রায় বন্ধ হয়ে যাওয়া এবং অতিরিক্ত কর্মঘণ্টার আয়, বকশিশ ও সামাজিক নিরাপত্তা সুবিধার ওপর কর ছাড় দেওয়ার মতো সাম্প্রতিক আইনগত উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

ট্রাম্প সতর্ক করে বলেন, ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। একই সঙ্গে টেক্সাসের তেল ও গ্যাস শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অপরাধীরা আবারও রাস্তায় নেমে আসতে পারে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্পের আগে সম্মেলনে মূল বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান সমর্থকদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান, যাতে প্রতিনিধি পরিষদ ও সিনেটে দলটির সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকে।

ভ্যান্স বলেন, কোনো একটি নীতিগত বিষয়ে মতপার্থক্য থাকলেই দেশের দায়িত্ব একদল উন্মাদের হাতে তুলে দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, এই দেশ তাদের বাবা মা এবং আগের প্রজন্মের কাছ থেকে পাওয়া উত্তরাধিকার।

বিশ্লেষকদের মতে, ডালাসের এই সম্মেলনের মাধ্যমে একদিকে মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান ভোটারদের উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী হিসেবে জেডি ভ্যান্সের অবস্থান শক্ত করার কৌশলও এতে প্রতিফলিত হয়েছে।