সারাবিশ্ব
ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের সেই বিলে সই করলেন ডোনাল্ড ট্রাম্প
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই আইনের ফলে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে ভারত ও চিনের মতো দেশগুলোর পণ্যে বড় ধরনের শুল্ক আরোপের পথ তৈরি হয়েছে।
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ নামের এই আইনে রাশিয়ার সরকারি কর্মকর্তা, ব্যাংক, জ্বালানি খাত এবং মস্কোর সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে। এতে রুশ পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ এবং রুশ জ্বালানি কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে।
তবে ভারতের পণ্যে এখনই ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়নি। নতুন আইন ট্রাম্পকে এ ধরনের শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট সেই ক্ষমতা প্রয়োগ করলে তবেই ভারতীয় পণ্যে নতুন শুল্ক কার্যকর হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উৎস থেকে তেল আমদানি অব্যাহত রাখবে নয়াদিল্লি। একই সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারতীয় পণ্যে অতিরিক্ত মার্কিন শুল্ক আরোপ করা হয়েছিল। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সেই অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হয়। একই সময়ে পারস্পরিক শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়।
মার্কিন কংগ্রেসে আইনটি পাস হলেও কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা নতুন শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, অতিরিক্ত শুল্ক আরোপের ফলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জন্য বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে।
সূত্র: এনডিটিভি