আইন আদালত
শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান্না
জোরপূর্বক গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক সাতজনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি জানান, ‘আমি শেখ হাসিনার পক্ষে আর দাঁড়াচ্ছি না।’
এর আগে শেখ হাসিনাকে ডিফেন্ড করার আগ্রহ জানিয়ে তিনি নিজে আবেদন করেছিলেন। সেই আবেদনের পর গত ২৩ নভেম্বর ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ তাকে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেয়। তবে নিয়োগপত্র এখনো পাননি বলে জানিয়েছেন পান্না।
দায়িত্ব নিতে না চাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আদালতে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে—এই ঘটনায় তিনি ফজলুর রহমানের পক্ষে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, “যেহেতু শেখ হাসিনার এই আদালতের প্রতি আস্থা নেই, তাই তাকে ডিফেন্ড করা আমার পক্ষে যুক্তিসঙ্গত নয়।”
টিএফআই সেলে গুমের মামলায় ১৭ আসামি ও জেআইসি সেলের মামলায় ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি যথাক্রমে ৩ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলাগুলোতে এম হাসান ইমামকে আরেকজন স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমানে দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তা গ্রেপ্তার অবস্থায় আছেন, যাদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম এবং ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।
পান্না বলেন, চিঠি হাতে পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে সিদ্ধান্ত জানাবেন। তবে আপাতত ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন—শেখ হাসিনার পক্ষে তিনি আর আদালতে দাঁড়াবেন না।