আইন আদালত
প্লট জালিয়াতি মামলা: হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের রায় আজ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ।
সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৫ নভেম্বর মামলার সব কার্যক্রম শেষে আদালত রায়ের তারিখ আজ নির্ধারণ করেন।
মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট বরাদ্দ আদায়, নথি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই মামলা করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আলোচিত এই মামলার রায় ঘোষণার অপেক্ষায় এখন পুরো দেশ।