আইন আদালত

প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালাতে বললেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালাতে বললেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল
নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে রবিবার সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ছবি: সংগৃহীত

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো এজলাসে বসেছেন জুবায়ের রহমান চৌধুরী। এ উপলক্ষে তাকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিচার বিভাগের দুর্নীতি ও বিচারিক সিন্ডিকেট নিয়ে খোলামেলা আলোচনা করেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আরশাদুর রউফ বলেন, “সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতিতে জড়িত।” বিচার বিভাগকে এসব অনিয়ম ও সিন্ডিকেট থেকে মুক্ত করতে প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান তিনি।

এ সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকনও বিচার বিভাগে বিদ্যমান দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “অনেক আইনজীবী বিচারিক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিচার বিভাগ দুর্নীতিমুক্ত না হলে মামলার জট কমানো সম্ভব নয়।”

পরে বক্তব্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচার বিভাগের ভেতরে দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, মামলার জট নিরসনে শুধু আদালতের নয়, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তিনি আইনজীবীদের ন্যায় ও সততার পথে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসেই বিচার বিভাগের স্বচ্ছতা ও সংস্কার নিয়ে এ ধরনের বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।