আইন আদালত
ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। প্রধান বিচারপতির মাধ্যমে পাঠানো ওই পদত্যাগপত্র সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির দপ্তরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের একটি নির্ভরযোগ্য সূত্র।
সূত্র জানায়, রাষ্ট্রপতির উদ্দেশে পাঠানো বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্রটি একই দিনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে আসে। বিচারপতি মামনুন রহমান নিজেই ই-মেইলের মাধ্যমে রেজিস্ট্রার জেনারেলের কাছে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন।
উল্লেখ্য, গত এক বছরেরও বেশি সময় ধরে বিচারপতি মামনুন রহমান বিচারিক কার্যক্রমের বাইরে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিদেশে পাড়ি জমান। এরপর থেকে তিনি কোনো ধরনের ছুটি না নিয়েই দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
এই অনুপস্থিতির বিষয়টি নিয়ে সম্প্রতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন দাখিল করে। এর আগেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে রাষ্ট্রপতির মাধ্যমে অপসারণ করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের মোট ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তাদের মধ্যে বর্তমানে ৯ জন বিচারপতি আর দায়িত্বে নেই। এদের মধ্যে কেউ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত শেষে বাধ্যতামূলক অবসরে গেছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং কেউ নিয়মিত অবসরে চলে গেছেন। বাকি তিনজন বিচারপতি পদে থাকলেও বর্তমানে তারা কোনো বেঞ্চের দায়িত্বে নেই কিংবা বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না।
এদিকে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় বিচারপতি এম আর হাসানকেও ছুটিতে পাঠানো হয়েছে। এ নিয়ে ছুটিতে পাঠানো মোট বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
এছাড়া ছুটিতে পাঠানো বিচারপতিদের বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের একজন ছিলেন বিচারপতি মামনুন রহমান, যিনি এবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের মাধ্যমে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।