আইন আদালত
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ২ আসামি রিমান্ডে
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার বিচারিক ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মো. বাহাজ উদ্দিন।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক মো. শাখাওয়াত ইমতিয়াজ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
অভিযুক্তরা হলেন সাবেক যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম (৫২) এবং যুবলীগ কর্মী মো. সজিব (৩২)।
আদালতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি উপস্থাপন করে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।