আইন আদালত

হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম

হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল ইসলাম
ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। সোমবার (১০ আগস্ট) বিকেলে আদালত তাকে এই জামিন দেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ২২ জুলাই তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।

মামলার বাদী ওবায়দুর রহমান অভিযোগ করেন, ভিডিও ফাঁস ও অনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে বিরোধের জেরে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় গাজী নজরুল ইসলামসহ পাঁচজনকে আসামি করা হয়।

এজাহারের তথ্য অনুযায়ী, ওবায়দুর রহমান কালশী এলাকার একটি বাসায় থাকতেন এবং তিনি এমপি নজরুলের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। আত্মীয়তার সূত্রে এমপি ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে তার সঙ্গে বাদীর ভাগ্নির সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়। বিষয়টি জানাজানি হলে ওবায়দুর রহমান তাকে এ সম্পর্ক থেকে সরে আসার অনুরোধ করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

বাদীর দাবি, একটি চক্র সংশ্লিষ্ট ভিডিও সংগ্রহ করে তা দিয়ে এমপিকে ব্ল্যাকমেইল করছিল। এতে নজরুল ইসলাম সন্দেহ করেন, ভিডিওটি ওবায়দুর রহমানই সরবরাহ করেছেন। এই সন্দেহ থেকেই তার ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, গত ১৪ জুলাই সকাল ১১টার দিকে তাকে কৌশলে ডেকে এনে কয়েকজন মিলে লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করা হয়। পরে পরিবারের সদস্যদের চিৎকারে হামলাকারীরা পালিয়ে গেলে আহত অবস্থায় তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা যায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।