আইন আদালত

সব মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, মুক্তিতে বাধা নেই


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:২৫ পিএম

সব মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, মুক্তিতে বাধা নেই
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিন পেয়েছেন। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

সোমবার (১০ আগস্ট) হাইকোর্টের একটি বেঞ্চ রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যা চেষ্টার মামলায় তাকে জামিন দেন। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে থাকা মোট ৯টি মামলার সবগুলোতেই তিনি জামিন লাভ করেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা পারভীন শান্তা। শুনানি শেষে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।

আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, ২০২৫ সালের ২৫ নভেম্বর বনানী এলাকায় হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এর ফলে খায়রুল হকের বিরুদ্ধে থাকা সব মামলায়ই জামিন নিশ্চিত হয়েছে।

এর আগে রোববার (৯ আগস্ট) সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেফতার না দেখানো এবং হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়েররহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।

আইনজীবীরা জানান, এই আদেশের ফলে সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেফতার দেখানো যাবে না এবং তাকে হয়রানি করা যাবে না।

উল্লেখ্য, এর আগে পৃথক মামলায় জামিন পাওয়ার পরও রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার হত্যা মামলায় গত ৩০ মার্চ তাকে গ্রেফতার দেখানো হয়। এ ধরনের গ্রেফতার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে তার ছেলে আইনজীবী আশিক উল হক রিট করেন।

পরে ১৭ মে হাইকোর্ট রুল জারি করে অন্তর্বর্তী আদেশ দেন, যাতে সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেফতার না দেখানো ও হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়।

খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হলে তিনি কারাগারে ছিলেন।

সর্বশেষ আদেশের মাধ্যমে তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিন নিশ্চিত হওয়ায় এখন তার মুক্তির আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।