আইন আদালত

নুসরাত হত্যা: হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম

নুসরাত হত্যা: হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
ছবি: সংগৃহীত

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং মাদ্রাসাছাত্র শাহাদাত হোসেন শামীম।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ মাদ্রাসার নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতকে শ্লীলতাহানি করেন তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা। এ ঘটনায় নুসরাতের পরিবার থানায় অভিযোগ করলে মামলা তুলে নিতে তাদের ওপর চাপ ও হুমকি দেওয়া হয়।

তবে নুসরাত ও তার পরিবার মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় ২০১৯ সালের ৬ এপ্রিল পরীক্ষার কেন্দ্র মাদ্রাসা ভবনের ছাদে নুসরাতকে ডেকে নেওয়া হয়। সেখানে তার হাত-পা ও মুখ বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গুরুতর দগ্ধ অবস্থায় নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ১০ এপ্রিল মারা যান তিনি।

দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এ হত্যা মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামিকেই মৃত্যুদণ্ড দেন।

ওই রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা ছিলেন- সিরাজ উদদৌলা, রুহুল আমিন, মাকসুদুল আলম, হাফেজ আবদুল কাদের, আফসার উদ্দিন, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত, কামরুন নাহার মণি, উম্মে সুলতানা পপি, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহি উদ্দিন শাকিল।