আইন আদালত
সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন নাকচ
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। এর আগে গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতেও তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল।
মঙ্গলবার ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে ডনের পক্ষে জামিনের শুনানি করেন তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন। বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান।
গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ঢাকা মহানগর দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেছেন। এ বিষয়ে ডনের উপস্থিতিতে বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান সালমান শাহ। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে চলা তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম আলোচনায় এসেছে।