গণমাধ্যম
টিভি লাইসেন্স পেলেন জাতীয় নাগরিক কমিটি ও এনসিপি–এর দুই নেতা
অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে দেশের গণমাধ্যম খাতে যুক্ত হলো নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি ‘নেক্সট টিভি’ এবং ‘লাইভ টিভি’ নামে দুটি চ্যানেলকে সম্প্রচারের জন্য অনুমোদন দিয়েছে।
‘নেক্সট টিভি’র লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন। তিনি ২০২৪ সালে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে এনসিপির সঙ্গে যুক্ত হন। সাংবাদিকতা পেশা থেকে উঠে আসা তুহিন আগে একটি ইংরেজি দৈনিক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন।
অন্যদিকে, ‘লাইভ টিভি’র লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামে আরেকজন ব্যক্তি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি এবং একসময় একটি ইংরেজি দৈনিক পত্রিকায় প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন, তবে পরবর্তীতে এনসিপিতে যোগ দেননি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “নতুন টিভি চ্যানেলের অনুমোদন পূর্বের নীতিমালা ও প্রথা অনুযায়ীই দেওয়া হয়েছে। প্রার্থীর যোগ্যতা, পেশাগত ব্যাকগ্রাউন্ড, এবং প্রশাসনিক যাচাই–বাছাই শেষে অনুমোদন চূড়ান্ত করা হয়।”
বর্তমানে দেশে মোট ৫০টি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুমোদনপ্রাপ্ত, যার মধ্যে ৩৬টি পূর্ণ সম্প্রচারে রয়েছে। এছাড়া ১৪টি চ্যানেল সম্প্রচারের অপেক্ষায় এবং আরও ১৫টি আইপি টিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) রয়েছে।
টিভি লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের নিবন্ধনপত্র, ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, ব্যাংক সলভেন্সি সনদ, প্রকল্প প্রস্তাবনা, এবং ৩০০ টাকার নন–জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা জমা দিতে হয়। এসব নথি যাচাইয়ের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা অনুমোদন মিললে চূড়ান্তভাবে তথ্য মন্ত্রণালয় লাইসেন্স ইস্যু করে থাকে।