জাতীয়
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় মর্যাদা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষক মাহরীন চৌধুরী ও মাসুকা বেগম-কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। নিহতদের প্রতি এই শ্রদ্ধা জানানোর বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৈঠকে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
সরকারি সহায়তা বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে—মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকার প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।
এছাড়া, আহতদের সুস্থতা এবং নিহতদের আত্মার শান্তি কামনায় আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয় করবে।