জাতীয়

আদালতে ‘চাঁদাবাজ’ ‘চাঁদাবাজ’ স্লোগানে মুখ লুকালেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৯ পিএম

আদালতে ‘চাঁদাবাজ’ ‘চাঁদাবাজ’ স্লোগানে মুখ লুকালেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আদালতে হাজির হলে উপস্থিত জনতা ‘চাঁদাবাজ’, ‘চাঁদাবাজ’ বলে স্লোগান দিতে থাকেন। এমন পরিস্থিতিতে মাথা নিচু করে মুখ লুকিয়ে থাকেন অভিযুক্ত ছাত্রনেতারা। আদালত তাদের চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

রোববার (২৭ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অভিযুক্তরা হলেন—আব্দুর রাজ্জাক রিয়াদ, (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক), সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মো. ইব্রাহিম হোসেন।

এর আগে গুলশান থানায় সিদ্দিক আবু জাফর নামের একজন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন পূর্ণবয়স্ক এবং একজন অপ্রাপ্তবয়স্ক—আমিনুল ইসলাম নামে এক কিশোর, যিনি আইনের ভাষায় “আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু” হিসেবে উল্লেখ রয়েছেন।

অভিযোগে বলা হয়, আসামিরা রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবি করেন। এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত প্রাঙ্গণে যখন অভিযুক্তদের তোলা হয়, তখন উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করে ‘চাঁদাবাজ’ স্লোগান দিতে থাকেন। এমন পরিস্থিতিতে গ্রেপ্তারকৃত ছাত্রনেতারা বিব্রত হন এবং মাথা নিচু করে রাখেন।