জাতীয়

সামনে দেশের জন্য নতুন সংকট ‘ভুয়া সমন্বয়ক’: দুদক চেয়ারম্যান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৮:২৬ পিএম

সামনে দেশের জন্য নতুন সংকট ‘ভুয়া সমন্বয়ক’: দুদক চেয়ারম্যান
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সামনে দেশের জন্য নতুন এক সংকট হয়ে উঠতে পারে ‘ভুয়া সমন্বয়ক’। অতীতের মতো এবারও যেভাবে কিছু ‘অজ্ঞাত পরিচয়ের’ লোক নিজেদের নেতৃত্বে দাবি করছে, তা রীতিমতো উদ্বেগজনক।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বরিশালে ‘দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতকরণ’ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. মোমেন বলেন, “৭১-এ বিজয়ের পর হঠাৎ করে ‘সিক্সটিন ডিভিশন’ নামের একটি বাহিনী তৈরি হয়েছিল, যাদের কার্যক্রম ছিল প্রশ্নবিদ্ধ। আজও একই রকম একটি নতুন সংকট তৈরি হচ্ছে, যারা নিজেদের সমন্বয়ক দাবি করছে। এখনই ব্যবস্থা না নিলে এটা ভবিষ্যতে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে।”

সরকারি প্রশাসনে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির চর্চার কথাও তুলে ধরেন তিনি। বলেন, “সরকার বদলায়, কিন্তু প্রশাসনের ভেতরের অবক্ষয় একই থাকে। এই দুর্বলতা থেকে আমরা এখনো বের হতে পারিনি।”

বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনিক নিরপেক্ষতার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। “এই সময়টায় আমাদের কারো পক্ষ না নিয়ে নিরপেক্ষ থেকে সেবার মান বাড়ানো উচিত। রাজনৈতিক চাপ না থাকলে ভালো কাজ করা সম্ভব হয়,”—বলেন দুদক চেয়ারম্যান।

রাজনৈতিক প্রভাবের বিষয়ে ড. মোমেন বলেন, “আমরা প্রায়ই বলি, প্রশাসন রাজনৈতিক হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো, আমরা নিজেরাই অনেক সময় রাজনীতিবিদদের কাছে যাই। যদি আমরা নিজ অবস্থান মজবুত রাখি, তাহলে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ কমে যায়।”

সভায় আগামী জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন দুদক চেয়ারম্যান। বলেন, “এই সময় দেশের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের উচিত সেই কাজে সর্বোচ্চ সহযোগিতা করা।”

তিনি আরও বলেন, “আগের দুর্নীতির পেছনে ছুটে নয়, আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত ভবিষ্যতের দুর্নীতি ঠেকাতে। প্রতিরোধমূলক কার্যক্রমেই আমাদের জোর বাড়াতে হবে।”

এদিন সকালে বরিশালের সিএন্ডবি রোডে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ছয়তলা বিশিষ্ট বরিশাল দুদক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ড. মোমেন। পরে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।