জাতীয়
বাংলাদেশের ওপর শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর আগে আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এই নতুন শুল্কহার কার্যকর হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার, ১ আগস্ট থেকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াইট হাউস এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। ঘোষণায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশের ওপর ভিন্ন ভিন্ন হারে নতুন শুল্ক আরোপ করা হয়েছে।
নতুন শুল্কহার অনুযায়ী, পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ করে, মিয়ানমারের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ, ফিলিপাইনেও ১৯ শতাংশ, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ করে শুল্ক নির্ধারণ করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ২ এপ্রিল, বাণিজ্য ঘাটতির অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন। তখন বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক ধার্য করা হয়, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাংলাদেশের ৭৪ শতাংশ শুল্কের জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে পরে, ৯ এপ্রিল যুক্তরাষ্ট্র এসব শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখে এবং আলোচনার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে। তৃতীয় দফা এই আলোচনার সূচনা হয় ২৯ জুলাই, যেখানে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিন দিনব্যাপী আলোচনার পর, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (USTR) সঙ্গে বাংলাদেশের আলোচকরা একটি যৌথ ঘোষণা দেন, যেখানে নতুন শুল্কহার ঘোষণা করা হয়।