জাতীয়

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন ফি দ্বিগুণ করল ভারত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১১:২৩ এএম

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন ফি দ্বিগুণ করল ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ভিসা আবেদনের ফি দ্বিগুণ করেছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ১০ আগস্ট থেকে কার্যকর হবে।

এর আগে এই আবেদন ফি ছিল ৮০০ টাকা। অর্থাৎ, দীর্ঘদিন পর এবার প্রথমবারের মতো ফি বাড়ানো হলো। আইভ্যাক জানিয়েছে, ২০১৮ সালের পর এবারই প্রথম ভিসা প্রসেসিং ফি পুনর্বিন্যাস করা হলো। সেবার মান, অবকাঠামো এবং প্রযুক্তিগত উন্নয়ন বজায় রাখতে এই পরিবর্তন প্রয়োজনীয় বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারত সরকার এখনও বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো সরকারি ভিসা ফি গ্রহণ করে না। ভিসা প্রক্রিয়ায় যে ফি নেওয়া হচ্ছে, তা শুধুমাত্র প্রসেসিং বা সেবা ফি হিসেবে বিবেচিত এবং ভারতীয় ভিসা এখনো বাংলাদেশিদের জন্য ‘বিনামূল্যে’ই রয়ে গেছে।