জাতীয়

স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৩:১২ পিএম

স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যেসব চুক্তি হয়েছে, সেগুলোতে জাতীয় স্বার্থ কোনোভাবেই বিসর্জন দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অধিকাংশ চুক্তি ‘নন-ডিসপোজাল’ অর্থাৎ অপ্রকাশ্য হওয়ায় সবকিছু প্রকাশ করা সম্ভব নয়। তবে তিনি আশ্বস্ত করে বলেন, “বাংলাদেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি হয়নি, এমনকি কোনো সামরিক চুক্তিও হয়নি। সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ সফলতা।”

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্কহার হ্রাসের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শফিকুল আলম বলেন, “২০ শতাংশ শুল্ক নির্ধারণের সঙ্গে অতিরিক্ত কোনো শর্ত যুক্ত করা হয়নি। বিষয়গুলো সহজীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে আমাদের বাণিজ্য সক্ষমতা আরও বাড়ে।”

তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক দেশগুলোর শুল্কহারের সঙ্গে সমতা আনায় বাণিজ্যে পিছিয়ে পড়ার ঝুঁকি কমছে এবং একই সঙ্গে বাণিজ্যিক ঝুঁতিও হ্রাস পাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রসঙ্গে তিনি বলেন, “এরইমধ্যে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে ঘাটতি আরও কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।”