জাতীয়
নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিনের সময়সীমা ঘোষণা ইসির
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য তথ্য সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত ভোটার তালিকায় সংশোধন, অন্তর্ভুক্তি, কর্তন ও স্থানান্তরের জন্য আবেদন গ্রহণ করবে ইসি।
সোমবার (৪ আগস্ট) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩০ জুন ২০২৫ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত, পহেলা জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নামসহ নিবন্ধিত ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। একইসঙ্গে মৃত ভোটারদের নাম কর্তনের তালিকাও প্রকাশ করবে কমিশন।
শরিফুল আলম আরও বলেন, “খসড়া তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত সময় থাকবে তথ্য সংশোধনের জন্য। এর আওতায় নতুন যোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্যদের নাম কর্তন, ভোটার এলাকা পরিবর্তন এবং যেকোনো তথ্যগত ত্রুটি সংশোধনের জন্য আবেদন করা যাবে।”
প্রত্যেক আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট পর্যন্ত। সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারগণ এ নিষ্পত্তি সম্পন্ন করবেন।
এবারের হালনাগাদে ৪৪ লাখের বেশি নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছে বলে জানিয়েছে ইসি। হালনাগাদ শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
ভোটারদের অনুরোধ করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের তথ্য যাচাই করে সঠিকতা নিশ্চিত করতে এবং প্রয়োজনে সংশোধনের জন্য আবেদন জমা দিতে।