জাতীয়

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টার ৫ সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৬:২৭ পিএম

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টার ৫ সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সফর সংক্রান্ত বিস্তারিত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। আলোচনায় শ্রমবাজার সম্প্রসারণ, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার ইস্যুগুলো গুরুত্ব পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হবে।

সফরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্যান্যরা থাকবেন।

উল্লেখ্য, গত অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন।