জাতীয়
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার (১১ আগস্ট) তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। দুপুরের ফ্লাইটে তিনি কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নতুন করে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি এক্সচেঞ্জ অব নোট সই হবে। বিশেষ গুরুত্ব পাচ্ছে অভিবাসন, বিনিয়োগ, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা। সফরের সময়সীমা ১১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল থাকছে, যেখানে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বিদ্যুৎ ও জ্বালানি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিডা চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা ও উপদেষ্টারা অন্তর্ভুক্ত।
সফরের প্রথম দিন মালয়েশিয়ার রাজধানীতে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানানো হবে। দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই সই হবে পাঁচটি সমঝোতা স্মারক—প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা, দুই দেশের মধ্যে ব্যবসায়িক কাউন্সিল গঠন, বিএমসিসিআই–মিমোস অংশীদারিত্ব, এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা। তিনটি এক্সচেঞ্জ অব নোটের মধ্যে রয়েছে হালাল ইকো সিস্টেমে সহযোগিতা, উচ্চশিক্ষা খাতে সমন্বয় এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির অভিজ্ঞতা বিনিময়।
চুক্তি সইয়ের পর দুই দেশের সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। পরে মালয়েশিয়ার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। একই দিনে অধ্যাপক ইউনূস একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।