জাতীয়
শেখ হাসিনার মামলা দ্রুত নিষ্পত্তি হবে: দুদক চেয়ারম্যান
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তাধীন একাধিক মামলার দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।
তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব মামলাকে দ্রুত দৃশ্যমান করে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রংপুরে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
দুদক চেয়ারম্যান বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধেও যেকোনো অভিযোগ দুদক গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কোনো রাজনৈতিক সরকার নয়। এই পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার।”
রংপুরের নতুন আঞ্চলিক কার্যালয়কে এই অঞ্চলের দুর্নীতি প্রতিরোধের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, “দুর্নীতি দমন শুধু দুদকের কাজ নয়, সমাজের সর্বস্তরের মানুষকে এতে এগিয়ে আসতে হবে। প্রতিটি সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই ভবন থেকে মামলার তদন্ত ছাড়াও দুর্নীতি প্রতিরোধমূলক কর্মসূচি জোরদার হবে।”
তিনি সচেতনতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতিকে শিকড় থেকে নির্মূল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সল, দুদকের আঞ্চলিক পরিচালক, জেলা ও বিভাগের কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১৯ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ছয়তলা বিশিষ্ট এই ভবনের কাজ আগামী ২৪ মাসে শেষ হবে। নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে মেসার্স এম কে ট্রেডার্স ও মেসার্স সৈয়দ সাজ্জাদ আলী। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্নীতি দমন কমিশন ও গণপূর্ত অধিদপ্তর।