জাতীয়
বাংলাদেশে এখন অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নাই: ফরহাদ মজহার
বাংলাদেশে বর্তমানে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক পরিবেশ বিরাজমান নয় বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং সরকারের ব্যর্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ‘জুলাই ঘোষণাপত্রে বঞ্চনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, "সরকারের কিছু উন্নয়নমূলক অর্জন থাকলেও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।"
তিনি আরও বলেন, "আমলা কেনাবেচা করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার পুরোনো কৌশল জনগণ আর মানতে রাজি নয়। গণ-সার্বভৌমত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।"
তার মতে, বাংলাদেশ একটি রাজনৈতিক জনগোষ্ঠী, যার বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হতে পারে, কিন্তু তার মোকাবেলা করতে হবে বুদ্ধিবৃত্তিকভাবে ও শালীনতা বজায় রেখে। অশ্লীল তর্ক-বিতর্কে জড়িয়ে পড়লে তা হবে আত্মঘাতী।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, "তরুণরাই আপনাদের মুক্তি দিয়েছে। তাই তরুণদের বিরুদ্ধে দলকে লেলিয়ে দেবেন না।"
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সাদেক রহমান এবং সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদ। আলোচনায় আরও অংশ নেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম জিয়াউল হাসান, আইনজীবী ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাবেক সচিব কাসেম মাসুদ, কর্নেল (অব.) হাসিনুর রহমান, লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, মেজর (অব.) রেজাউল হান্নান শাহীন, আখতার হোসেন, ড. হুমায়ুন কবির, এমরান চৌধুরী, আব্দুল আহাদ নূর, আলাউদ্দিন কামরুল, আবু আহাদ আল মামুন ও আবুল কাশেম মজুমদার প্রমুখ।