জাতীয়

নারী নির্যাতনের অভিযোগে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত বোর্ড গঠন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৬:০১ পিএম

নারী নির্যাতনের অভিযোগে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত বোর্ড গঠন
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ সামনে আসার পর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতোমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং একটি উচ্চপর্যায়ের তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগটি প্রকাশ্যে আসার আগেই সেনাবাহিনী বিষয়টি সম্পর্কে অবগত ছিল এবং সেনা আইনের আওতায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়।

অভিযোগকারী নারী নিজেও একসময় বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি এক প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী। ওই প্রাক্তন কর্মকর্তা একটি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সেনাবাহিনী থেকে বরখাস্ত হন এবং বর্তমানে কারাভোগ করছেন।

আইএসপিআর জানিয়েছে, অভিযোগের সংবেদনশীলতা এবং অভিযুক্ত কর্মকর্তার পদমর্যাদা বিবেচনায় তদন্ত কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালিত হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, কোনো সেনা সদস্য বরখাস্ত হলে তিনি আর বাহিনীর চিকিৎসা, বাসস্থান বা অন্যান্য সুযোগ-সুবিধার আওতায় থাকেন না। তবে মানবিক বিবেচনায়, উক্ত প্রাক্তন কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষার বিষয়টি মাথায় রেখে পরিবারটিকে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সেনাবাহিনী বলেছে, তারা সর্বদা নৈতিকতা, শৃঙ্খলা এবং জবাবদিহিতার প্রতি অঙ্গীকারবদ্ধ। কোনো সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হয় এবং দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।