জাতীয়

সময়মতো অনুসন্ধান প্রতিবেদন জমা না দেওয়ায় দুদকের উপপরিচালক মোঃ আহসানুল কবীর পলাশ সাময়িক বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৫:০৭ পিএম

সময়মতো অনুসন্ধান প্রতিবেদন জমা না দেওয়ায় দুদকের উপপরিচালক মোঃ আহসানুল কবীর পলাশ সাময়িক বরখাস্ত
মো. আহসানুল কবীর পলাশ। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করেছে দুদক।

মোঃ আহসানুল কবীর পলাশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে- তিনি কামরুল হাসান সোহাগ (ডেপুটি টাউন প্ল্যানার) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও অন্যান্য দের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জাল কাগজপত্র তৈরি, এছাড়াও জমির উপর বিজ্ঞ আদালতে মালিকানার মামলা থাকা সত্ত্বেও রূপায়ণ হাউজিং এস্টেট'কে প্ল্যান পাস করিয়ে দেয়ার অভিযোগের অনুসন্ধান প্রতিবেদন সময়মতো না দাখিল করা এবং সময় বৃদ্ধির আবেদন না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর থেকে তাকে অনুসন্ধান টিমের দলনেতা ও উপ সহকারী পরিচালক আফিয়া খাতুনকে সদস্য করে টিম গঠন করা হয়, কিন্তু সংশ্লিষ্ট নথি বিষয়ক কোনো প্রতিবেদন জমা না দেয়ায় এবং সময় বৃদ্ধির আবেদনও না করায় দুর্নীতি দমন কমিশনের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

দুদক কমিশনের ১৬ জুলাই ২০২৫ তারিখের সভায় ৪৩(১) বিধি মোতাবেক তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। বরখাস্ত থাকা অবস্থায় তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।এই আদেশ ৬ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হয়েছে।