জাতীয়
দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার: ইসি সচিব
দেশে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আখতারুজ্জামান।
ইসি সচিব জানান, চলতি বছর দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা হয়েছে জাতীয় ভোটার তালিকা। নতুন প্রকাশিত এই তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১ হাজার ২৩০ জন।
তিনি বলেন, খসড়া তালিকায় ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটারের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। দাবি-আপত্তি ও যাচাই-বাছাই শেষে এর সঙ্গে আরও ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জনকে যুক্ত করে চূড়ান্তভাবে নতুন ভোটার বৃদ্ধি পেয়েছে ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন।
এর আগে, ১০ আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় প্রাথমিকভাবে প্রায় ৪৬ লাখ নতুন ভোটারের তথ্য যুক্ত হয়েছিল। আজ সেই তালিকার চূড়ান্ত সংস্করণ প্রকাশ করা হলো। তবে এখানেই শেষ নয় ইসি জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তারাও জাতীয় সংসদ নির্বাচনের আগেই তালিকাভুক্ত হবেন।
সচিব আখতারুজ্জামান আরও জানান, এবারের নির্বাচনে তিন ধাপে ভোটার তালিকা তৈরি হচ্ছে। বছরের শুরুতে যাদের তথ্য নেওয়া হয়েছিল, তাদের নিয়ে প্রথম তালিকা তৈরি হয়। এরপর হালনাগাদ প্রক্রিয়ায় বাদ পড়াদের যুক্ত করা হয়েছে। আর আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর বয়সে পৌঁছাবেন, তারাও তালিকাভুক্ত হবেন ভোটের আগে।
অন্তর্বর্তী সরকারের ঘোষণানুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই প্রকাশ পাবে পূর্ণাঙ্গ চূড়ান্ত ভোটার তালিকা।