জাতীয়
দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ কেজি চিনিগুঁড়া চাল উপহার পাঠালো পররাষ্ট্র মন্ত্রণালয়
দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের উদ্দেশে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া স্থলবন্দর হয়ে চালভর্তি একটি পিকআপ ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।
চালগুলো ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে হস্তান্তর করা হবে। হাইকমিশনের মাধ্যমে এই চাল পূজার সময় ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানে উপহার হিসেবে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এর আগে সকালে ‘চাষী’ ব্র্যান্ডের চিনিগুঁড়া চাল নিয়ে পিকআপটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আসে। পরে সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে দ্রুত কাস্টমস ছাড়করণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
এজেন্ট প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জন্য চাল পাঠানো হয়েছে। এগুলো হাইকমিশন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করবে।”
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, “উপহারের চাল ছাড়করণের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া মেনে তা দ্রুত সম্পন্ন করা হয়েছে।”
প্রসঙ্গত, দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই বাংলাদেশ ও ভারতের মধ্যে শুভেচ্ছা উপহারের বিনিময় ঘটে থাকে। এবারও বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে, যা দুই দেশের সাংস্কৃতিক ও কূটনৈতিক বন্ধনকে আরও সুদৃঢ় করছে।