জাতীয়

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই, অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের আশ্বাস প্রধান উপদেষ্টার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ এএম

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই, অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের আশ্বাস প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশ্বস্ত করেছেন, এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। ইতোমধ্যেই নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত মনোনীত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা জানান। বৈঠকে সার্জিও গোর ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য, দক্ষিণ এশীয় সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট ও ভুয়া তথ্যপ্রবাহ প্রতিরোধসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। আলোচনায় ড. ইউনূস রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে। তিনি যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। জবাবে মার্কিন বিশেষ দূত আশ্বস্ত করেন, রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা বৈঠকে সার্ক পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশ এ আঞ্চলিক সহযোগিতা জোটকে আবার সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশীয় সহযোগিতা সংস্থা আসিয়ানে যোগদানের আগ্রহও ব্যক্ত করেন তিনি। ড. ইউনূসের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারলে বাংলাদেশের উন্নয়ন আরও দ্রুততর হবে।

তিনি আরও বলেন, নেপাল ও ভুটানের পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা গেলে আঞ্চলিক প্রবৃদ্ধি বহুগুণে বাড়বে। “ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে,”—এমন মন্তব্যও করেন তিনি।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন বিশেষ দূত সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।