জাতীয়
শারদীয় দুর্গাপূজা পবিত্রতা বজায় রেখে উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
শারদীয় দুর্গাপূজা পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, “শারদীয় দুর্গাপূজা একটি পবিত্র ধর্মীয় উৎসব। তাই সবাইকে এর পবিত্রতা রক্ষা করতে হবে। এখানে যেন কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ না হয়—সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ যেন জুতা পায়ে মণ্ডপে না ওঠে, তাও নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে কিছু সংখ্যক দুষ্কৃতকারী পূজা উদযাপনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল। তবে তাদের সে প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এসময় উপদেষ্টা অভিযোগ করে বলেন, “ওই দুষ্কৃতকারীদের সঙ্গে ফ্যাসিস্টদের কিছু দোসরও সহযোগিতা করেছে। তবে সনাতন ধর্মাবলম্বীসহ সবার সহযোগিতায় তাদের ষড়যন্ত্র সফল হয়নি।”
ব্রিফিংকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।