জাতীয়
রোহিঙ্গাদের জন্য আরও ৯৬ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য নতুন করে ৯৬ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘের প্রথম উচ্চ পর্যায়ের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে তারা এই প্রতিশ্রুতি জানায়।
বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি লিখেছেন, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সম্মেলনে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলারের নতুন অনুদান ঘোষণা করেছে।
এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে এবং এর সমাধানও সেখানেই নিহিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করে এবং দ্রুত রাখাইনে প্রত্যাবাসনের ব্যবস্থা করে।
ড. ইউনূস আরও বলেন, গণহত্যা শুরু হওয়ার আট বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে। সংকট সমাধানে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে এবং আন্তর্জাতিক তহবিলও উদ্বেগজনক ঘাটতির মুখোমুখি হয়েছে। তিনি আন্তর্জাতিক মহলকে মানবিক সহায়তার পাশাপাশি রাজনৈতিক সমাধান নিশ্চিতে এগিয়ে আসার আহ্বান জানান।