জাতীয়

‘শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দিতে নিষেধ করেছে ভারত’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম

‘শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দিতে নিষেধ করেছে ভারত’
ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

ভারত সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক অধ্যাপক রাধা দত্ত। তিনি জানান, বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থানে সাম্প্রতিক সময়ে কিছুটা পরিবর্তন এসেছে এবং দেশটি এখন নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্ক মূল্যায়ন করছে।

ভারতে আশ্রয় নেয়ার পর থেকে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার, অভ্যুত্থান ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে আসছেন। এসব মন্তব্যকে অস্থিতিশীলতা বাড়ানোর আশঙ্কাজনক ইঙ্গিত হিসেবে দেখছেন ড. মুহাম্মদ ইউনূসসহ একাধিক বিশিষ্ট রাজনীতিক।

বাংলাদেশ সরকার একাধিকবার শেখ হাসিনার এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ভারতের কাছে অনুরোধ জানালেও এর আগে কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি ভারত সরকারের তরফ থেকে তাকে কিছুটা ‘সতর্ক বার্তা’ দেওয়ার ইঙ্গিত।

অধ্যাপক রাধা দত্ত আরও বলেন, ভারতের দৃষ্টিতে শেখ হাসিনার অবস্থান ও কর্মকাণ্ড নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে কিনা—সেই প্রশ্নও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে তিনি মনে করেন, বাংলাদেশকে ভারতের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে হবে যে, তাদের অভ্যন্তরীণ রাজনীতি ভারতের নিরাপত্তার জন্য হুমকি নয়।

এদিকে, সাবেক কূটনীতিক আব্দুল হাই মনে করেন, ভারতের বর্তমান আচরণ দেশটির আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয়। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করবে ভারতের সঙ্গে আগামী নির্বাচনে গঠিত সরকারের সম্পর্কের ওপর।