জাতীয়

৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের আগুন, আনসারের ১৫ সদস্য আহত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম

৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের আগুন, আনসারের ১৫ সদস্য আহত
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন ঘণ্টা পার হলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে উঠছে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। দুর্ঘটনায় আনসার বাহিনীর অন্তত ১৫ জন সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।

শুরুতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতির ভয়াবহতা বুঝে পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সর্বশেষ তথ্যে জানানো হয়, ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশন থেকে মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম বলেন, “প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।”

এদিকে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে সহায়তা করতে গিয়ে আহত হয়েছেন আনসার বাহিনীর ১৫ জন সদস্য। বাহিনীর গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান জানান, “আমাদের এক হাজার সদস্য ঘটনাস্থলে কাজ করছেন। আহতদের মধ্যে আটজনকে ভর্তি করা হয়েছে সিএমএইচে।”

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যুক্ত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী। এছাড়া উদ্ধার তৎপরতায় সহায়তা করছে বিজিবির দুটি প্লাটুন।

অন্যদিকে, আগুন যাতে বিমানবন্দরের যাত্রী পরিবহন ও টার্মিনাল কার্যক্রমে প্রভাব না ফেলে, সে জন্য সতর্কতা অবলম্বন করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগুন মূলত কার্গো ভিলেজের আমদানিকৃত মালামালের সংরক্ষিত গুদামঘর এলাকায় সীমাবদ্ধ রয়েছে।

ঘটনাস্থলে এখনো কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। সন্ধ্যার পরেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আতঙ্কে রয়েছেন আশপাশের এলাকাবাসী ও বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মীরা।