জাতীয়

ভোটের মাঠে দায়িত্বে থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা: ইসি সচিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম

ভোটের মাঠে দায়িত্বে থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা: ইসি সচিব
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের লক্ষ্যে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, “নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর পাশাপাশি মাঠে থাকবে দেড় লাখ পুলিশ সদস্য এবং প্রায় সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য। সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”

সভায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন, “আজকের বৈঠকে আগুন লাগার ঘটনাগুলো নিয়ে আলোচনা হয়নি।”

অন্যদিকে, বিভিন্ন স্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, “লুট হওয়া অস্ত্রের প্রায় ৮৫ শতাংশ উদ্ধার করা হয়েছে, বাকি অংশ উদ্ধারের কাজ চলছে।”

নির্বাচন কমিশনের এ বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর প্রতিনিধিরা। তারা নির্বাচনের সময় নিরাপত্তা সমন্বয়, মোতায়েন কৌশল, লজিস্টিক সহায়তা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইসি সূত্র জানায়, ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে সেনা সদস্যরা সহায়ক বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবেন, যাতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।