জাতীয়

উজবেকিস্তানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম

উজবেকিস্তানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা
ছবি: সংগৃহীত

উজবেকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলোয়েভ বাখরোমজন জুরাবোয়েভিচের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (১৮ অক্টোবর) ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৫২তম সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ।

সাক্ষাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন খাতের উন্নয়ন, বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সমর্থন এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। এ ধরনের চুক্তি দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে নতুন সুযোগ তৈরি করতে পারে বলে সংশ্লিষ্ট বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, ১৭ ও ১৮ অক্টোবর ইরাকের বাগদাদে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।