জাতীয়
দুই দিনের সরকারি সফরে আজ পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
দুই দিনের সরকারি সফরে আজ শনিবার (৮ নভেম্বর) নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকালে রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারে করে পাবনার উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি। পৌঁছানোর পর তিনি পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন।
পরে রাষ্ট্রপতি আরিফপুর কবরস্থানে গিয়ে তার মা-বাবার কবর জিয়ারত করবেন এবং সেখানে কিছু সময় অবস্থান করবেন। এরপর তিনি নিজ বাসভবনে আত্মীয়-স্বজন ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতটি সার্কিট হাউসে অবস্থান করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন, আগামী রবিবার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউসে দ্বিতীয়বারের মতো গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে ফিরে আসবেন।
রাষ্ট্রপতির এ সফরকে কেন্দ্র করে পাবনা জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা প্রশাসককে সফরকালীন প্রশাসনিক কার্যক্রমের সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।