জাতীয়
পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যার দুই শুটার গ্রেফতার
পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার ঘটনায় পুলিশ দুই শুটারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন পেশাদার শুটার রুবেল ও ইব্রাহিম।
গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিল। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।
এর আগে সোমবার (১০ নভেম্বর) পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। স্বজনদের বরাত দিয়ে জানা যায়, মামুন পুরোনো একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে রাজধানীর আফতাবনগরের বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্যবস্তু বানায়। দুই বছর আগে তেজগাঁও এলাকায় তার ওপর হত্যাচেষ্টা করা হয়েছিল।
পুলিশের তথ্যমতে, নিহত মামুন ‘ইমন-মামুন’ সন্ত্রাসী গ্রুপের একজন শীর্ষ নেতা। এক সময় তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান সামী বলেন, “নিহত মামুন ‘ইমন-মামুন’ গ্রুপের একজন শীর্ষ সন্ত্রাসী। পুলিশের তালিকায় তার নাম রয়েছে।”
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর ১২টার পর গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে হাসপাতালে আনা হয় এবং পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।