জাতীয়
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন জাতির কাছে সব রাজনৈতিক দলের প্রতি আমাদের প্রতিশ্রুতি। নির্বাচন কমিশন দেশের মানুষের কাছে সুষ্ঠু ভোটের উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আজ (বুধবার) নির্বাচন ভবনে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি এই মন্তব্য করেন। এই সময় সিইসি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান আসন্ন নির্বাচনে সহযোগিতা প্রদানের এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের।
সিইসি নাসির উদ্দিন জোর দিয়ে বলেন, “নির্বাচনী আচরণবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পালন করার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে।” তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য, যার মূল ভিত্তি হল আচরণবিধি মেনে চলা।
নির্বাচন সফল করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে বড় ভূমিকা রাজনৈতিক দলের। তিনি বলেন, “দলগুলো যদি আন্তরিকভাবে কাজ করে, তাহলে কমিশনকে অতিরিক্ত চাপ নিতে হয় না।”
সিইসি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সব দল তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবে।