জাতীয়

দেশে আরও বড় ভূমিকম্পের আশঙ্কা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

দেশে আরও বড় ভূমিকম্পের আশঙ্কা
ছবি: সংগৃহীত

আজকের ভূমিকম্পকে ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্পের ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। তিনি বলেন, “আজকের কম্পন ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে এ অঞ্চলে আরও বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। যে প্লেটটি এতদিন আটকে ছিল, সেটি এখন খুলে যাওয়া শুরু করেছে।”

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে, মাটির ওপর কম্পনের তীব্রতার দিক থেকে এটি দেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প।

হুমায়ুন আখতার জানান, বাংলাদেশের পূর্ব দিকের বার্মা প্লেট ও পশ্চিমের ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থলে এই ভূমিকম্প উৎপত্তি হয়। অনেক দিন ধরে আটকে থাকা ওই সংযোগ আজকের ভূমিকম্পে খুলে গেছে। তার ভাষায়, “অনেক শক্তি জমা হয়ে আছে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার সমপরিমাণ। আজকের ভূমিকম্পে ছয় মাত্রার মতো শক্তি বের হয়েছে, বাকিটা এখনও জমা রয়েছে- যা ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প ঘটাতে পারে।”

তিনি আরও বলেন, “ভাগ্য ভালো যে এটি ৭ বা সাড়ে ৭ মাত্রার ছিল না। তবে এ অঞ্চলে এমন মাত্রার ভূমিকম্প নিকট ভবিষ্যতে হতে পারে- আজকের কম্পন তারই ইঙ্গিত।”

এই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, যা মাটির ওপর কম্পনের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞের ভাষায়, “বাংলাদেশের ভেতরে এর আগে এমন তীব্র কম্পন খুব কমই অনুভূত হয়েছে।”

হুমায়ুন আখতার মনে করিয়ে দেন, ভূমিকম্পপ্রবণ দেশে সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। তিনি বলেন, “ভূমিকম্পের সময় কয়েক সেকেন্ডের মধ্যেই নিরাপদ জায়গায় যাওয়ার অনুশীলন বা ড্রিল চালু করতে হবে। আমরা বহুদিন ধরে এসব বিষয়ে সতর্ক করে আসছি।”