জাতীয়

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা আরও ভালো হবে: সিইসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৫৩ এএম

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা আরও ভালো হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে তিনি বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নেন। এসময় সিইসি বলেন, “নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্বে অঙ্গীকারবদ্ধ। আমরা আশা করি, আইনশৃঙ্খলা বজায় রেখে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক নয়, তবে ধীরে ধীরে তা স্বাভাবিকের দিকে ফিরছে। নির্বাচনের আগে পরিস্থিতি আরও উন্নত হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

সিইসি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ নির্বাচন প্রতিহত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন ভোট প্রতিহত করার হুমকিকে যথাযথভাবে আমলে নিয়েছে।”