জাতীয়
'জেলাগুলো তিন শ্রেণিতে ভাগ করে এসপি পদায়নে লটারি, মেধাবীরা বাদ পড়েনি'
আগামী নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে জেলাগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করার পর পুলিশ সুপার (এসপি) পদে লটারি ভিত্তিক পদায়ন করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এসপি পদে প্রথমে মেধাবী কর্মকর্তাদের নির্বাচন করা হয়েছে এবং কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েননি। এরপর কে কোন জেলায় যাবেন তা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।
উপদেষ্টা বলেন, “জেলাগুলোকে আমরা এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করেছি, যা জেলার আয়তনের ভিত্তিতে নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে করা হয়েছে। মোট ৬৪ জেলার মধ্যে আমরা ১৮ জন এসপিকে নতুন পদে নিয়োগ দিয়েছি। লটারি অনুযায়ী তাদের কোন জেলায় পোস্টিং হবে তা নির্ধারিত হয়েছে।”
তিনি আরও জানান, ওসিদের পদায়নও শিগগিরই লটারির মাধ্যমে করা হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে বলেন, “প্রথমে মেধাবী এসপিদের বেছে নেওয়া হয়েছে, কেউ বাদ পড়েনি। পরে লটারির মাধ্যমে তাদের জেলাগুলোতে নিয়োগ নির্ধারণ করা হয়েছে।”