জাতীয়
এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে অনুভূত হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬।
ঢাকার পাশাপাশি নরসিংদী, গাজীপুরসহ আশপাশের জেলাতেও ভূকম্পন টের পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। আগারগাঁও সিসমিক সেন্টারের হিসাব অনুযায়ী কেন্দ্রের অবস্থান ছিল রাজধানী থেকে প্রায় ২৮ কিলোমিটার উত্তর–পূর্বে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং কেন্দ্র ছিল ঢাকার প্রায় ২৩ কিলোমিটার উত্তর–পূর্বে।
এর আগে বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে বঙ্গোপসাগর এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প হয়, যার প্রভাবে কক্সবাজারের টেকনাফ কেঁপে ওঠে।
গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে নরসিংদীর মাধবদীতে। এতে ১০ জনের মৃত্যু এবং ৪০০ জনের বেশি আহত হওয়ার তথ্য পাওয়া যায়। ভবন থেকে ইট খসে পড়া ও আতঙ্কে লাফানোর কারণে অধিকাংশ হতাহত হন।
এর পরদিন শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে ৩.৩ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্র ছিল নরসিংদীর পলাশে। একই দিনে সন্ধ্যায় দেশে আবার কম্পন অনুভূত হয়—৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে ৩.৭ মাত্রার প্রথমটি, আর এক সেকেন্ড পর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে ৪.৩ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প। প্রথমটির কেন্দ্র ছিল ঢাকার বাড্ডা, দ্বিতীয়টির নরসিংদীতে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।