জাতীয়

সংসদ নির্বাচনে দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

সংসদ নির্বাচনে দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়ায় বেসরকারি ব্যাংকের কোনো কর্মকর্তা দায়িত্ব পালন করবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে করণীয় বিষয় নিয়ে আয়োজিত পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

তিনি জানান, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে শুধুমাত্র সরকারি এবং আধাসরকারি ব্যাংকের কর্মকর্তাদের। বেসরকারি ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীদের এ দায়িত্ব দেওয়া হবে না।

কমিশনার সানাউল্লাহ আরও জানান, চলতি সপ্তাহেই বহুল প্রতীক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর থেকেই দেশের প্রতিটি উপজেলায় দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, যারা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আচরণবিধি তদারকি করবেন।

এছাড়া ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। ভোটের আগের রাতেই ব্যালট পেপার সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

ইসি আশা করছে, এসব পদক্ষেপের ফলে নির্বাচন আরও স্বচ্ছ, সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন হবে এবং ভোটারদের অংশগ্রহণ ও আস্থা বৃদ্ধি পাবে।