জাতীয়

ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ প্রতিহত করা হবে: আদিলুর রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ প্রতিহত করা হবে: আদিলুর রহমান
উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: সংগৃহীত

দেশে ফ্যাসিবাদী শক্তির যেসব অবশিষ্টাংশ এখনো রয়ে গেছে, সেগুলো দমন ও প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।

রোববার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, দেশে এখনো যারা ফ্যাসিবাদী শক্তির প্রতিনিধিত্ব করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানে যারা সংগ্রাম করেছেন, সেই যোদ্ধাদের পাশে দাঁড়িয়েই এই সরকার জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করবে।

নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকা নিয়ে প্রশ্ন করা হলে আদিলুর রহমান খান বলেন, গণতন্ত্রবিরোধী যেকোনো শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যারা কাজ করবে, তাদের রুখে দেওয়া সরকারের দায়িত্ব।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি নিজেকে সবসময় জনগণের মধ্যেই সবচেয়ে নিরাপদ মনে করেন। তার ভাষায়, “আমি জনগণের ভেতর থেকেই এসেছি এবং অল্প সময়ের মধ্যেই সেখানেই ফিরে যাব। তাই জনগণের মাঝেই আমি আমার নিরাপত্তা খুঁজে পাই।”

বর্তমান সরকারের মেয়াদ মাত্র দুই মাস হওয়ায় এই স্বল্প সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে কতটা কাজ করা সম্ভব—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ সীমিত। এরই মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ফলে দৈনন্দিন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করাই এখন মূল লক্ষ্য। পাশাপাশি যতটুকু সম্ভব মানুষের উপকারে আসে, এমন কাজ করার সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।