জাতীয়

বাংলাদেশে সরকারের দাবি প্রত্যাখ্যান করল ভারত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম

বাংলাদেশে সরকারের দাবি প্রত্যাখ্যান করল ভারত
ছবি: সংগৃহীত

ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে অভিযোগ ও দাবি তুলে ধরেছিল, তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। রোববার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে রোববার দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বৈঠকে বাংলাদেশ সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের প্রতি উদ্বেগ প্রকাশ করে এবং কিছু দাবি উত্থাপন করে।

এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ১৪ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রকাশিত প্রেস নোটে উল্লিখিত বক্তব্য ও অভিযোগ ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারত বরাবরই তার অবস্থান পরিষ্কার করে এসেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, বন্ধুপ্রতীম বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত কখনোই তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। একই সঙ্গে আশা প্রকাশ করা হয়, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে দেশটির অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে রোববার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছেন—এমন অভিযোগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সময় বাংলাদেশ সরকার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়া দণ্ড কার্যকরের জন্য দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বানও জানায়। পাশাপাশি রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন ভারতে পালিয়ে আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবেশী দেশ হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের ইতিবাচক ভূমিকা প্রত্যাশিত।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলেও উল্লেখ করেছেন।